অনলাইনে শিক্ষানবিশ কর্মী নিচ্ছে গুগল
অনলঅইনে শিক্ষানবিশ কর্মী সংগ্রহে ‘ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন, সামার ২০২৫’ চালু করেছে টেকজায়ান্ট গুগল। কম্পিউটারবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে গুগল ক্যারিয়ারের ওয়েবসাইটে প্রবেশ করে জীবনবৃত্তান্ত ও ইংরেজি ভাষায় শিক্ষাসনদ জমা দিতে হবে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
শিক্ষানবিশ কাজের জন্য আবেদনকারীকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এক বা একাধিক প্রোগ্রামিং ভাষা ভালোভাবে জানতে হবে। প্রযুক্তিগত দক্ষতা প্রকাশের জন্য সাবলীলভাবে ইংরেজি ভাষায় যোগাযোগের ক্ষমতাও থাকতে হবে। সিস্টেম সফটওয়্যার বা অ্যালগরিদমের পাশাপাশি এসকিউএল ও জাভাস্ক্রিপ্ট ব্যবহার জানতে হবে। জাভা, সি++ ও পাইথন প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে।
অনলাইনে জমা পড়া তথ্য যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ভারতের বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দরাবাদ ও তেলেঙ্গানায় অবস্থিত নিজেদের কার্যালয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেবে গুগল। শিক্ষানবিশ কাজের মেয়াদ হবে ১০ থেকে ১২ সপ্তাহ।
গুগল জানিয়েছে, গুগলের প্রকৌশলীরা একের পর এক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে বিশ্বকে বদলে দিচ্ছেন। গুগল অ্যাডস থেকে ক্রোম, অ্যান্ড্রয়েড থেকে ইউটিউব—সব ক্ষেত্রেই গুগলের প্রকৌশলীরা কাজ করছেন। শিক্ষানবিশদের ওয়েব, মোবাইলসহ গুগলের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কাজ করতে হবে। গুগলের প্রাতিষ্ঠানিক কাজের ধরন বুঝে দলগতভাবেও কাজ করতে হবে তাদের।





